২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৬

খুলনার ফুলতলা উপজেলায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 11:33 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী মামলা করার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ফুলতলা থানার ওসি মো. আসাদুজ্জামান মুন্সী

উপজেলার পঠিয়াবান্ধা গ্রামে গত ২৫ মার্চের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায় নারীসহ বেশ কয়েকজন এক ব্যক্তিকে নির্মমভাবে পেটাচ্ছে।

নিহত গোলাম আলী শেখ (৫৫) উপজেলার পূর্ব শাহপুর এলাকার বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

গ্রেপ্তাররা হলেন পঠিয়াবান্ধা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী আয়েশা বেগম, প্রসেনজিৎ হালদার, প্রণম হালাদার, আনোয়ার হোসেন, জিয়া গাজী ও ইমামুল হোসেন।

ওসি আসাদুজ্জামান বলেন, গত ২৫ মার্চ পঠিয়াবান্ধা গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের একটি গরু বাড়ির কাছে মাঠে বাঁধা ছিল। কিছু সময় পর দেখা যায় গোলাম আলী শেখ গরুটি নিয়ে ফুলতলার জামিরা সড়ক দিয়ে যাচ্ছেন।

“এসময় লতিফের স্ত্রী আয়েশা বেগমের চিৎকারে আশেপাশের লোকজন এসে গোলাম আলীকে ধরে পিটুনি দেয়।”

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেন জানান ওসি।

এ ঘটনায় ওই দিনই গোলাম আলীর স্ত্রী জবেদা বেগম বাদী হয়ে ফুলতলা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।