২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিনের বাদশা’ সেজে প্রতারণা, গ্রেপ্তার ৬

‘জিনের বাদশা’ সেজে ‘গুপ্তধনের’ লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 09:49 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রাম থেকে প্রতারক চক্রটিকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে জানান পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।

গোপন খবরে বুধবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের নেতাসহ চক্রটিকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছে থেকে এ কাজে ব্যবহৃত কাঠের ছাঁচ, সিসা, ‘স্বর্ণের’ পুতুল, ড্রিল মেশিন, কেমিক্যাল, রং ও তুলি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন রামনাথপুর গ্রামের মো. জয়নালের ছেলে মো. রাহেনুর (২১), মো. জয়েন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (২০), মো. বুদু মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম সুমন (১৯), মো. ময়জাল হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম (১৭), মো. শহিদুল ইসলামের ছেলে মো. সাগর মন্ডল (১৭) ও মো. নবীরের ছেলে মো. লাভিস (১৫)।

পুলিশ সুপার বলেন, প্রতারক চক্রের সদস্যরা প্রথমে ১০০ মোবাইল নম্বর বাছাই করে। তারপর গলার স্বর পরিবর্তন করে সেসব নম্বরে ফোন করে ধর্ম সম্পর্কে বিভিন্ন কথা বলে দামি জিনিসের লোভ দেখায়।

“মানুষ বিষয়টি বিশ্বাস করে এদের ফাঁদে পা দিলে দামি জিনিসপত্রের লোভ দেখিয়ে প্রথমে অল্প অর্থ দাবি করে যা বিকাশের মাধ্যমে প্রতারক চক্রের সদস্যরা হাতে পায়। পরে আরও মূল্যবান ধনরত্নের লোভ দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার পর চক্রটি তাদের মোবাইল নম্বর বন্ধ ও কল করা নম্বরগুলো ব্লক করে রাখে।”

এমন আরও চক্র রয়েছে এবং তাদের ধরতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।