২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলীর চিন্তা থেকে আসে উন্নয়নের রূপরেখা: রাষ্ট্রপতি

ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রকৌশলীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তি নির্ভর জ্ঞানের বাস্তব প্রয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 09:25 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

বুধবার বিকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি বলেন, জাতি গঠনে প্রকৌশল শিক্ষার গুরুত্ব অত্যাধিক। প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে।

“প্রকৌশলীদের মেধা, মনন ও সৃজনশীল চিন্তা থেকে বেরিয়ে আসে টেকসই উন্নয়নের রূপরেখা। তাই প্রকৌশলীদের চিন্তা চেতনায় থাকবে দূরদৃষ্টির সুস্পষ্ট প্রতিফলন।”

বিশ্বায়নের এই যুগে প্রতিনিয়তই প্রযুক্তির উৎকর্ষ সাধিত হচ্ছে এবং নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “আমাদের জ্ঞান ও দক্ষতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে এবং নতুন নতুন উদ্ভাবনে উদ্যোগী হয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিশেষ করে আমাদের শিক্ষার প্রতিটি স্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।”

নবীন প্রকৌশলীরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উপলব্ধি করবে এবং তাদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তি নির্ভর জ্ঞানের বাস্তব প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি বলেন, পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা এবং কেবল সনদ প্রদানই মূল উদেশ্য নয়; বরং মেধাবিকাশ, উন্মুক্ত চিন্তা-চেতনার উন্মেষ এবং বুদ্ধিভিত্তিক চর্চা প্রয়োগের শ্রেষ্ঠ কেন্দ্র হলো বিশ্ববিদ্যালয়। নতুন নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডে যাতে শিক্ষারর্থীরা সম্পৃক্ত হতে পারে তার দ্বার উন্মোচন করাই হলো বিশ্ববিদ্যালয়ের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য।

বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পর্যালোচনা করে নিজেদের জন্য যুগোপযোগী পাঠ্যক্রম এবং উন্নত পাঠদানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শুরুর আগে ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে নিহত কুয়েটের চার শিক্ষার্থীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর।

সমাবর্তন বক্তা ছিলেন বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আলী আসগর।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান।

সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্নাতক পর্যায়ে ভালো ফলাফলের ভিত্তিতে ৩৮ জন কৃতি গ্রাজুয়েটকে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ প্রদান করেন।

এছাড়া ২ হাজার ৭৯৫ জনকে স্নাতক এবং ২২৮ জনকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।