২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের শক্তি ছাড়া কারও অস্তিত্বের সুযোগ নেই: নূর

বাংলাদেশে ক্ষমতায় বা বিরোধীদলে যারাই থাকুক না কেন তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 11:46 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে ক্ষমতায় যে থাকবে তাকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে, যে বিরোধীদলে থাকবে তাকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে।

“মুক্তিযুদ্ধের শক্তি ছাড়া বাংলাদেশে কারও অস্তিত্ব থাকার কোনো সুযোগ নেই। যদি এ জায়গাটিতে আমরা আপোষ করি তাহলে চিরকালই আমরা পথভ্রষ্ট হব।”

দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় করার উপর জোর দেন সংস্কৃতি মন্ত্রী।  

আজকের শিক্ষা এবং সংস্কৃতির সঙ্গে যদি রাজনৈতিক সমন্বয় ঘটানো না যায় তাহলে উন্নত, মানবিক কিংবা মুক্তচিন্তার বাংলাদেশ গড়া কঠিন হবে বলেও তিনি মনে করেন।

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘আমাদের মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধু ও  বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এই মন্ত্রী। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ।

বক্তব্য রাখেন বিশিষ্ট ইতিহাসবিদ মুনতাসীর মামুন, অধ্যাপক খন্দকার বজলুলহক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।