গাজীপুর সিটি নির্বাচন: ব্যানার-ফেস্টুন উচ্ছেদে অভিযান
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে ব্যবহৃত বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন উচ্ছেদ শুরু হয়েছে।
মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা এলাকায় এ অভিযান শুরু হয়।
চান্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের নিচে উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি নির্বাচন-২০১৮ এর রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মন্ডল।
রকিব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ বাইরে মিছিল, মিটিং করতে পারবে না; নির্বাচনী পোস্টার, ব্যানার স্থাপন করতে পারবে না। ইতিমধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
যারা এলাকায় বা রাস্তায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়েছে তাদেরকে সেগুলি নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়েছে বলেও তিনি জানান।
রকিব উদ্দিন বলেন, কেউ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে তাকে প্রথমে সতর্কীকরণ এবং সতর্ক না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
উচ্ছেদ অভিযান উদ্বোধনের সময় গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম, এনডিসি এবি কুদরত-ই-খুদাসহ সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, গত ১ এপ্রিল নির্বাচন কমিশনার একটি পরিপত্র জারি করেছে। ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কেউ আচরণ বিধি লঙ্ঘন হলে কঠোর হস্তে দমন করা হবে।
