২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ভবনের সামনে নারীর লাশ

ফেনী শহরের মাস্টার পাড়ায় এক ভবনের সামনের সড়ক থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 09:46 AM

Updated : 08 Apr 2022, 06:09 PM

আছমা আক্তার নামের ৩৫ বছর বয়সী ওই নারী ওই এলাকার আবুল বশরের স্ত্রী। তিন সন্তানকে নিয়ে মাস্টার পাড়ার বামন পুকুর পাড় সংলগ্ন মেট্রো ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন। 

ওই বাসা থেকে আনুমানিক পাঁচশ গজ দূরে বকুল বিলাস নামে আরেকটি ছয় তলা বাড়ির সামনের সড়কে রোববার রাত ১১টার দিকে আছমার লাশ পাওয়া যায়।

ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, সড়কে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

“কেউ কেউ বলছে, বকুল বিলাস নামের ওই বাড়ি থেকে সে নাকি লাফিয়ে পড়েছে। তবে মৃতদেহে রক্তের কোনো আলামত পাওয়া যায়নি। এটি হত্যা না আত্মহত্যা, সেটা প্রাথমিক তদন্তে স্পষ্ট নয়।”

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর লুৎফুর রহমান হাজারী খোকন বলেন, আছমা রাত ৮টার দিকে নিজের বাসা থেকে বেরিয়ে যান। পরে বকুল বিলাসের সামনে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

আছমার পরিবারে কোনো জটিলতা ছিল কি না বা তার কোনো ধরনের অসুস্থতা ছিল কি না তা জানা যায়নি।