এক বোঁটায় ‘৪৫’ লাউ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক বোঁটায় ৪৫টি লাউ ধরার খবর পেয়ে একদল গবেষক পরিদর্শন করেছেন; প্রতিদিন দেখতে আসছেন বিভিন্ন এলাকার মানুষ।
উপজেলার টিকরী খোনকার বাসস্যান্ডের চা বিক্রেতা মকবুল মিয়ার লাউ গাছটি এই কাণ্ডের কেন্দ্রস্থল।
মকবুল বলেন, গত বছর স্থানীয় চাপড়ি বাজার থেকে হাইব্রিড লাউয়ের বীজ এনে রোপণ করেন। সেই গাছের লাউ থেকে বীজ সংগ্রহ করে এ বছর রোপণ করলে শতাধিক লাউ ধরে।
“হঠাৎ একদিন নজরে আসে এই অস্বাভাবিক কাণ্ড।”
ওই বোঁটা থেকে তারা তিনটি লাউ খেয়েছেন জানিয়ে বলেন, “এর স্বাদ স্বাভাবিক লাউয়ের মতোই।
“কয়েক দিনে এ বোঁটায় নতুন আরও পাঁচ-সাতটি লাউ ধরেছে। বর্তমানে এ বোঁটায় ৪৫টি লাউ রয়েছে।”
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম সেলিম রেজা মল্লিক এই লাউ দেখে বলেন, “হরমোনজনিত কারণে অল্প জায়গায় অনেকগুলো লাউ ধরেছে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়। গাছটিতে স্ত্রী ফুলের সংখ্যা বেশি থাকায় এতগুলো ফল ধরেছে। কখনও কখনও এমনটা হতেই পারে।”
বাংলাদেশে এ রকম কোনো নজির আছে কি না, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি।
এই লাউয়ের বীজ সংরক্ষণ করবেন বলে জানিয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তা বাহাউদ্দিন আহমেদ।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “বৈজ্ঞানিক কর্মকর্তারা ঐ বোঁটার লাউ থেকে বীজ সংরক্ষণ করতে বলেছেন। তারা গবেষণা করবেন।”
মধুপুরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আ. বাছেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নূরুল ইসলাম তালুকদার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা গুলনাহার বেগম, সুব্রত দেবনাথ, মো. ইমাম হোসেনও লাউগাছটি পরিদর্শন করেছেন।
