হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ১
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত দিবা রানী দাস (২৫) ওই উপজেলার বাউশা গ্রামের অরুণ দাসের স্ত্রী।
শুক্রবার বেলা ১১টার দিকে পুরানগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি হাবিবুর জানান।
স্থানীয়দের বরাতে ওসি হাবিবুর বলেন, দিবা বাবার বাড়ি কবিরপুর থেকে একটি বাসে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি পিকআপভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ হলে তিনি আহত হন।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিবাকে মৃত ঘোষণা করেন।”
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
