২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট: গাজীপুরে আওয়ামী লীগের ভরাডুবি

গাজীপুর সদর উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হেরেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 01:15 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

বৃহস্পতিবার পিরুজালী, ভাওয়াল মির্জাপুর ও ভাওয়াল গড় ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন।

পিরুজালী ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ সরকার (মঞ্জু সরকার)। তিনি ৬ হাজার ৩৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মো মাসুদুল কবীর। তিনি পেয়েছেন ৩হাজার ১৬৯ ভোট।

পিরুজালী ইউনিয়নে আগেরবার মঞ্জু সরকার বিএনপির প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগে যোগ দেন। কিন্তু নির্বাচনে তাকে আওয়ামী লীগ প্রার্থী না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হন।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী করে জালাল উদ্দিনকে। তিনি পেয়েছেন ২হাজার ৪৯৮ ভোট।

Image
ফজলুল হক মুসুল্লী ও আবু বকর ছিদ্দিক

ফজলুল হক মুসুল্লী ও আবু বকর ছিদ্দিক

ভাওয়াল মির্জাপুর ইউনিয়নে বিএনপির মো. ফজলুল হক মুসুল্লী (বিএনপি) ৫হাজার ৩১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোশারফ হোসেন দুলাল ৫ হাজার ৩০২ ভোট পেয়েছেন।

ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদেও জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক। ধানের শীষ প্রতীকে তিনি ১৪ হাজার ১০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সালাহ উদ্দিন সরকার পেয়েছেন ১৩হাজার ৯৩৫ ভোট।