২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ভোটকেন্দ্রে সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত ১

টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।

ময়মনসিংহ প্রতিনিধি

টাঙ্গাইল ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 10:59 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ভোট ‍শুরুর সময়ের কয়েক ঘণ্টা আগে রাত ৩টার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের গুপ্তবৃন্দাবন দাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ পরিস্থিতিতে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম।

ঘাটাইল থানার ওসি মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক প্রার্থীর সমর্থকরা ভোরে ব্যালট পেপার ছিনতাই করে জাল ভোটে বাক্স ভরার চেষ্টা করলে অন্য প্রার্থীর কর্মীরা বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাউদ্দিনের নির্দেশে পুলিশ গুলি ছোড়ে জানিয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, “একজন মারা গেছে বলে শুনেছি। তার লাশ পাওয়া গেছে পাশের ফুলবাড়িয়া এলাকায় ময়মনসিংহের মধ্যে। সে পুলিশের গুলিতে মারা গেছে কি না আমরা নিশ্চিত নই।”

নিহত মালেক মিয়া (৩২) গুপ্ত বৃন্দাবন এলাকার নেছার আলীর ছেলে। পোল্ট্রি ফিডের ব্যবসায়ী মালেক এলাকায় বিএনপি সমর্থক হিসেবে পরিচিত। মালেকের ভাইয়ের স্ত্রী বুলবুলি বেগম সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থী।

বুলবুলি বেগম সাংবাদিকদের কাছে দাবি করেন, পুলিশের ছোড়া গুলিতেই তার দেবরের মৃত্যু হয়েছে।

গুপ্তবৃন্দাবন দাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এক বাড়ির বাসিন্দা শুকুর মাস্টার জানান, রাত ৩টার দিকে গুলির শব্দ পেয়ে তিনি বাইরে আসেন। তখন তিনি মালেককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

কিন্তু দৌড়াদৌড়ির মধ্যে সেখান থেকে সরে যান। পরে পরিস্থিতি শান্ত হলে দেখেন লাশ সেখানে নেই। সকালে জানতে পারেন, মালেকের লাশ পাওয়া গেছে পাশের উপজেলার কাহালগাঁও এলাকায়।

এ বিষয়ে জানতে ফুলবাড়িয়া থানায় যোগাযোগ করা হলে ওসি শেখ কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার কাহালগাঁও এলাকায় মালেক মিয়া নামের ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পেয়েছেন তারা।

“ভোরের দিকে ঘাটাইলে ভোটকেন্দ্রে গণ্ডগোল হয়েছে। তারপর সকালে আমরা এখানে লাশ পেয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।”

ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ সারা দেশে স্থানীয় সরকারের ১৩৩টি প্রতিষ্ঠানে ভোট চলছে বৃহস্পতিবার। এর অংশ হিসেবে টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার একটি করে ইউনিয়ন,ঘাটাইলের ছয়টি ইউনিয়ন এবং এলেঙ্গা পৌরসভার নির্বাচন হচ্ছে।

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম বলেন, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনী এলাকায় আইনশৃংখলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতও কাজ করছে।