২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৫১দিন পর ব্যবসায়ীর লাশ উত্তোলন

ময়নাতদন্তের জন্য গাজীপুরের কালীগঞ্জে দাফনের ৫১ দিন পর কবর থেকে এক ব্যবসায়ীর লাশ উত্তোলন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 12:05 AM

Updated : 08 Apr 2022, 06:08 PM

বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেনের উপস্থিতিতে কবর থেকে মরদেহ তুলে হাসপাতালে পাঠানো হয়।

মৃত সরোয়ার আহমেদ দোলন (৪০) কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া মৃত আশরাফ আলীর ছেলে। তিনি গত ৬ ফেব্রুয়ারি নিহত হন।

তিনি রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় ঠিকাদারি ব্যবসা করতেন।

নিহতের স্ত্রী মুন্নী আক্তারের দাবি, ঢাকার খিলগাঁও এলাকায় তার শশুরের ৫ তলা একটি ভবন ছিল। তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে তা ভাগাভাগি হয়। কিন্তু যৌথ মালিকানায় একটি ফ্ল্যাট ছিল।

“গত ৬ ফেব্রুয়ারি এ  ফ্ল্যাটের মালিকানা নিয়ে নিহতের ভাই-বোনদের মধ্যে এক সমঝোতা বৈঠক চলাকালে কথাকাটাকাটির এক পর্যায়ে তার স্বামীকে মারধর করা হলে তিনি মারা যান।”

তিনি বলেন, তড়িঘরি করে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিজ গ্রাম ঘোনাপাড়ায় না দাফন করে তার নানার বাড়ি পশ্চিম খলাপাড়া এলাকায় দাফন করা হয়।

ঘটনার ১০দিন পর ১৫ ফেব্রুয়ারি স্বামীকে হত্যার অভিযোগ এনে তিনি নিজে বাদী হয়ে নিহতের ভাই-বোনদের আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা করেন। 

ওই মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই মো. শাহআলমের বরাত দিয়ে কালীগঞ্জ থানার এসআই আলাল উদ্দিন বলেন, মামলার বাদীর অভিযোগের প্রেক্ষিতে ও তদন্তের স্বার্থে সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ উত্তোলনের জন্য পুলিশ আদালতের শরনাপন্ন হন। এরপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য আদালত পুলিশকে নির্দেশ দেন।

“ওই আদেশ পেয়ে গাজীপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেনের উপস্থিতিতে বুধবার বিকেলে কবর থেকে দোলনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”