স্বজনদের সঙ্গে ফোনে কথা বললেন কারাবন্দিরা
কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করার অংশ হিসেবে এখন থেকে মাসে দুইবার স্বজনদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন কারাবন্দিরা।
বুধবার টাঙ্গাইল কারাগারের কয়েকজন বন্দি প্রথমবারের মতো পেলেন সেই সুযোগ; ফোনে কথা বলেন স্বজনদের সঙ্গে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন পরীক্ষামূলকভাবে চালু করা প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধামন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন- এটুআই’র আওতায় ‘স্বজন’ প্রকল্প চালু হয়েছে। বন্দিরা ইন্টারন্টে ফোনের (আইপি) মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন।
এটুআই প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের সপ্তম পর্বে কারাবন্দিদের ফোনে কথা বলা সংক্রান্ত ‘প্রিজন লিংক’ প্রকল্পটি গ্রহণ করা হয়। এর আওতায় বন্দিরা পরিবারের দুই সদস্যের মোবাইল নম্বরে মাসে দুইবার সর্বোচ্চ ১০ মিনিট ধরে কথা বলতে পারবেন। এতে মিনিট প্রতি এক টাকা করে খরচ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এ ব্যবস্থা চালু করা হবে।
টাঙ্গাইলের জেলার মো. আবুল বাশার বলেন, বন্দিদের কারাবাস শুরুর সময়েই তাদের মা, বাবা, স্ত্রী অথবা স্বজনদের মধ্যে দুজনের নিবন্ধিত মোবাইল নম্বর নেওয়া হবে। শুধু সেই দুটি নম্বরেই এসএমএস পাঠানোর পাশাপাশি আইপি কলের মাধ্যমে কথা বলতে পারবেন তারা।
উদ্বোধনী দিনে চার বন্দি তাদের স্বজনদের সঙ্গে ফোনে কথা বলেন জানিয়ে তিনি বলেন, “নিরাপত্তার খাতিরে কথা বলার সময় গোয়েন্দা সংস্থার একজন সদস্য উপস্থিত থাকার পাশাপাশি ফোনালাপ রেকর্ড করা হবে ।”
‘স্বজন’ ফোনের যৌথ উদ্ভাবক গাজীপুর কারাগারের জেলার মো. ফোরকান ওয়াহিদ বলেন, সাধারণ বন্দিরা এই সুবিধার আওতায় থাকলেও জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা সুযোগ পাবেন না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন প্রমুখ।
