খুলনায় পাটকলের আগুন নিয়ন্ত্রণে
খুলনা নগরীর ‘এফ আর জুট’ মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে তিন ঘণ্টা পর।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “সন্ধ্যা ৬টার কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আর নতুন করে আগুন বিস্তৃত হওয়ার আশংকা নেই।”
মঙ্গলবার বিকাল ৩টার দিকে খানজাহান আলী থানাধীন খুলনা-যশোর বাইপাস সড়কে এই বেসরকারি পাটকলের গুদামে আগুন ধরে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি নৌ বাহিনীর একটি পানিবাহী গাড়িও আগুন নেভানোর কাজে সহায়তা করে বলে রেজাউল করিম জানান।
কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাক্ষণিকভাবে জানা যায়নি। এফ আর জু-এর মালিক শরীফ ফজলুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ ধরেননি।
