গাইবান্ধায় পান দোকানির হামলায় ৩ পুলিশ আহত
গাইবান্ধা পৌর পার্কে এক পান দোকানির সার্জিক্যাল ব্লেডের আঘাতে তিন পুলিশ আহত হয়েছে।
এর আগে গাইবান্ধা আদালত পুলিশের টিএসআই আবু সাঈদ ওই দোকানিকে চড়-থাপড় মারেন বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি খাঁন মো. শাহারিয়ার বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই পার্কে পুলিশ দায়িত্ব পালন করার সময় স্থানীয় পান দোকানি সৌরভ মিয়া (২৩) তাদের সার্জিক্যাল ব্লেড দিয়ে উপর্যুপুরি আঘাত করেন।
আহতরা হলেন - টিএসআই আবু সাঈদ, আব্দুস সাত্তার ও সানোয়ার হোসেন।
তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহারিয়ার।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান বলেন, টিএসআই আবু সাঈদ, গাইবান্ধা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও সানোয়ার হোসেন সোমবার বিকেলে সৌরভের দোকানে গিয়ে পান ও চকলেটসহ অন্যান্য দ্রব্যসামগ্রী কেনেন।
“এ সময় হিসাবে গরমিল হওয়ায় টিএসআই সাঈদ দোকানি সৌরভকে চড়-থাপড় মারেন।”
সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি শাহারিয়ার বলেন, সার্জিক্যাল ব্লেডের আঘাতে তিন পুলিশের হাত কেটে গেছে। এ সময় সৌরভের শার্টের পকেট থেকে আরও তিনটি সার্জিক্যাল ব্লেড উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সৌরভের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে জানিয়ে ওসি শাহারিয়ার বলেন, সৌরভ গাইবান্ধা পৌর পার্ক এলাকার পান দোকানি পৌরশহরের ডেভিট কোম্পানিপাড়ার মো. আবদুল্লাহর ছেলে।
সৌরভের বিরুদ্ধে থানায় আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখাসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি শাহারিয়ার।
