২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: সিলেটে সওজের ৭ প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে সিলেটে সড়ক ও জনপথ বিভাগের সাত প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 05:06 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদ আহমদ পটোয়ারী বাদী হয়ে মঙ্গলবার সিলেট কোতোয়াণি থানায় এ মামলা করেন।

আসামিরা হলেন, সড়ক উপ-বিভাগ সিলেটের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম আহমেদ, সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কুড়িগ্রাম সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল বরকত মো. খুরশীদ আলম, সড়ক গবেষণাগারের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তানভীর আহমদ, সড়ক পরিকল্পনার বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, তত্ত্ববধায়ক প্রকৌশলী চন্দন কুমার বসাক, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখাব কবির ও ঠিকাদার লুৎফুর রহমান।

সবাই সিলেট সড়ক বিভাগে কর্মরত ছিলেন।

মামলার অভিযোগের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান, ২০১৬ সালে আসামিরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সংস্কার প্রকল্পে পরস্পরের যোগসাজসে এক কোটি ১৩ লাখ ২৩ হাজার ৪১৬ টাকার অসম্পাদিত কাজকে সম্পাদিত দেখিয়ে টাকা আত্মসাৎ করেন। দুদকের সরেজমিন তদন্তে তা বেরিয়ে আসায় এ মামলা করেন বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

তিনি বলেন, সোমবার বিকালে দুদক মামলার এজাহার জমা দেয়। মঙ্গলবার তা নথিভুক্ত করা হয়েছে।