গাজীপুরে রিকশা চালক হত্যায় আসামির যাবজ্জীবন
গাজীপুরে চার বছর আগে এক রিকশা চালককে হত্যার দায়ে তার এক ভায়রাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মানিক রাজবংশী টাঙ্গাইলের বাসাইল থানার দাহাপাড়া এলাকার সন্তোষ রাজবংশীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজার পাশাপাশি বিচারক তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, স্ত্রী রাধির খালাতো বোন হিরণ রানী ও তার স্বামী অজয় চন্দ্র দাসের সঙ্গে মানিকের পারিবারিক বিরোধ ছিল। গাজীপুর নগরীর সাতাইশ এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তারা। মানিক ও অজয় এলাকায় রিকশা চালাতেন।
সেই বিরোধের জেরে ২০১৪ সালের ১২ মে সকালে অজয়কে বাড়ি থেকে ডেকে সাতাইশ চৌরাস্তা এলাকায় নিয়ে যান মানিক। পরে একটি হাতুড়ি দিয়ে তিনি অজয়ের মাথায় আঘাত করলে অজয় গুরুতর আহত হন।
স্থানীয়রা হাতুড়িসহ মানিককে আটক করে পুলিশে হস্তান্তর করে এবং গুরুতর অবস্থায় অজয়কে হাসপাতালে পাঠায়।চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পরে অজয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় অজয়ের স্ত্রী হিরণ বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।
তদন্ত শেষে টঙ্গী থানার এসআই মোস্তাফিজুর রহমান ওই বছরের ২২ সেপ্টেম্বর মানিকের নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
