স্ত্রী হত্যা মামলার আসামির লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্ত্রী হত্যা মামলার এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে জমি বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।
নিহত আবুল হোসেন (৫০) উপজেলার বিড়ালদহ মাইপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।
পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভুইয়া জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ সৈয়দ করম আলী উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি রাতে দ্বিতীয় স্ত্রী শাহানার গলা কেটে হত্যা করেন আবুল হোসেন।
শাহানাজের ভাই আব্দুল লতিফের দায়ের করা হত্যা মামলায় দেড় বছর কারাভোগ করেন তিনি। ছয় মাস আগে জামিন পেয়ে বাড়ি ফেরেন বলে ওসি সায়েদুর জানান।
এদিকে আবুল হোসেনকে হত্যা করা হয়েছে বলে পরিবার থেকে দাবি করলেও তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আবুল হোসেনের মেয়ে রাবিয়া খাতুন বলেন, “বাবা প্রায় দুই বছর আগে একই এলাকার আব্দুস সামাদের ছেলে শাহিন ও আনিছুরের কাছে একখণ্ড জমি বিক্রি করেন। সেই জমি বিক্রির কিছু পাওনা টাকা নিয়ে তাদের সঙ্গে তার বাবার দ্বন্দ্ব চলছিল।”
এর জেরে তার বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি রাবিয়ার।
আবুল হোসেনের বোন শাহানাজ বাবু বলেন, তার ভাই একটি মুদি দোকান চালান।তার স্ত্রী যখন খুন হন তখন তিনি দোকানে ছিলেন। ষড়যন্ত্র করে তার ভাইকে হত্যা মামলার আসামি করা হয়।
জেল থেকে বের হয়ে এসে জমি বিক্রির পাওনা টাকা চাইলে শাহিন ও আনিছুরের সঙ্গে তার ভাইয়ের বিরোধ হয় বলে জানান শাহানাজ।
ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
