হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলে পূর্ব বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত কদর চাঁন বিবি (৫৫) উপজেলার তারাপাশা গ্রামের জহুর আলীর স্ত্রী।
সোমবার রাতে তারাপাশা গ্রামের এ ঘটনা ঘটে বলে বাহুবল থানার ওসি মো.মাসুক আলী জানান।
এ ঘটনায় জহুর আলীও (৭০) আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মো. মাসুক বলেন, পূর্ব বিরোধের জেরে সোমবার রাতে জহুর আলীর সঙ্গে একই গ্রামের জিন্নত আলী ও আব্দুল মজিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিন্নত ও মজিদের অনুসারীরা জহুর ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেন।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে কদর চাঁনের মত্যু হয় বলে জানান তিনি।
