ভোলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ভোলায় ট্রাকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।
বাংলাবাজার এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান।
নিহতরা হলেন অটোরিকশা চালক মো. সোহাগ ও যাত্রী আব্দুর রাজ্জাক।
ওসি এনায়েত বলেন, বেলা ১২টার দিকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বাংলাবাজার থেকে বোরহানউদ্দিনের দিকে যাচ্ছিল। পথে টেকনিক্যাল কলেজের সামনে এসে বিকল হয়ে যায়। এসময় চরফ্যাশন থেকে আসা বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই অটো চালক সোহাগ ও যাত্রী রাজ্জাক মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
