২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

শরীয়তপুর সদরে মোবাইল ফোনে কথা বলা নিয়ে বিবাদের জেরে এক ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2018, 04:19 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

মঙ্গলবার সদর উজেলার ডোমসার এলাকার ‘টিবিএফ’ ইটভাটায় এ ঘটনা ঘটে বলে পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান। 

নিহত শ্রমিকের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জালুয়াপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মো. মনিরুজ্জামান জানান, সকাল ৯টার দিকে টিবিএফ ইটভাটার শ্রমিক আলমগীর হোসেনের মোবাইল ফোনে একটি কলিএলে আলমগীর ঘর থেকে বের হয়ে যান। এ নিয়ে শ্রমিক জাকির হোসেন ভুঁইয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে জাকির হোসেন ভুঁইয়া, তার দুই সহোদর বাবুল ভুইয়া, আলাউদ্দিন ভুঁই য়া ও সহকর্মী ওবায়দুল হক মিলে আলমগীর হোসেনকে মারপিট করেন।”

ওসি বলেন, এলোপাথাড়ি মারপিটের কারণে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে শরীযতপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ ঘটনাস্থল থেকে জাকির হোসেন ভুঁইয়া, তার সহোদর বাবুল ভুইয়া, আলাউদ্দিন ভুইয়া  ও করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মোড়লপাড়া গ্রামের ওবায়দুল হককে গ্রেপ্তার করেছে বলে ওসি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।

নিহতের মা ইটভাটা শ্রমিক আনোয়ারা বেগম বলেন, “আমার ছেলেকে জাকির ও তার ভাইসহ কয়েকজনে পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।”