বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোটালীপাড়ার মেয়র নির্বাচিত
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শেখ কামাল হোসেন।
শেখ কামাল হোসেন
নির্বাচন কর্মকর্তা বলেন, সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ নির্বাচনে শুধু কামালই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
পেশায় ঠিকাদার কামাল হোসেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর এলাকার পশ্চিমপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা হাজী শেখ লুৎফর রহমানের ছেলে।
১৯৯৭ সালে কোটালীপাড়া পৌরসভা গঠন করা হয়। ১১৯৯ সালে প্রথম নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। ১৫ বছর পরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ফের মেয়র নির্বাচিত হলেন।
মেয়র নির্বাচিত হয়ে তিনি বলেন, “কোটালীপাড়াকে পরিচ্ছন্ন ও অধুনিক পৌরসভা করব। নাগরিক সেবা ও সুবিধা বৃদ্ধি করে কোটালীপাড়া পৌরসভাকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলব।”
