শরীয়তপুরে আগুনে পুড়েছে ১৯ দোকান
শরীয়তপুর সদর উপজেলায় একটি বাজারে আগুন ধরে ১৯টি দোকান পুড়ে গেছে।
শনিবার রাত ৩টার দিকে উপজেলার গঙ্গানগর বাজারে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায় বলে শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবদুর রহমান জানান।
অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাজার কমিটির সভাপতি আলমাস ঢালী বলেন, রাত আনুমানিক ৩টার দিকে বাজারের সমীর কুন্ডুর মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূচনা হয়। মুহূর্তে তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার শরীয়তপুর সার্ভিস ও স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
“ততক্ষণে বাজারের মরণ ঘোষের চায়ের দোকান, নন্দশীলের সেলুন, রাসেলের ওর্য়াকশপ, রণজিত ঘোষের হার্ডওয়ার স্টোরসহ ১৯টি দোকান পুড়ে যায়।”
এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
পুড়ে যাওয়া দোকান মালিক ফারুক হোসেন মাদবর বলেন, “বিভিন্ন এনজিও ব্যাংক থেকে লোন করে ব্যবসা বাণিজ্য করি। আগুনে আমাদের সবকিছু শেষ করে ফেলেছে।”
স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “রাতে আগুন নেভানোর সময় কোনো দোকানদারকে পাওয়া যায়নি। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।”
ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
