২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শীতলক্ষ্যায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলেছে আট ঘণ্টা পর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 10:54 AM

Updated : 11 Oct 2022, 12:11 PM

সানজিদা বেগম নামের নয় বছর বয়সী মেয়েটি ভাদার্ত্তী গ্রামের (দক্ষিণ পাড়া) পারভেজ বেপারীর মেয়ে। স্থানীয় ইন্টারভিটা স্কুলের তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী সাঁতার জানত না বলে তার চাচা মো. ফরিদ মিয়া জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সানজিদার বাবা-মা স্থানীয় হালিমগ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিদিনের মত সন্তানকে বাসায় রেখে শনিবার সকালে তারা কর্মস্থলে চলে যান।

দুপুরে প্রতিবেশী শিশু সাজেদের সঙ্গে ভাদার্ত্তী পুরাত সাবরেজিস্ট্রি অফিস ঘাটে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় সানজিদা। সে ঘাটে বসে কাপড় কাচার সময় তাকে রেখেই বাড়ি ফিরে যায় সাজেদ।

সন্ধ্যায় বাসায় ফিরে বাবা-মা সানজিদাকে না পেয়ে ঘাটে গিযে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তারা কালীগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেন। 

কালীগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল সাত্তার মোল্লা জানান, তাদের স্টেশনে ডুবুরি না থাকায় টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরিদল নদীতে তল্লাশি সানজিদার লাশ উদ্ধার করে।