ঘরে ৫০ হাজার ইয়াবা, এএসআই গ্রেপ্তার
নারায়ণগঞ্জে নিজ ফ্ল্যাটে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট ও পাঁচ লাখ টাকা উদ্ধারের পর পুলিশের এক এএসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় বুধবার গভীর রাতে এ অভিযান চালানো হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
আটক এএসআই সোহরাওয়ার্দী আলম রুবেল নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত রয়েছেন।
মোস্তাফিজুর রহমান জানান, সোহরাওয়ার্দী আলম রুবেল এর আগে বন্দর থানায় কর্মরত ছিলেন। বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে তিনি বসবাস করেন।
“মাদক ব্যবসায়ে তার সম্পৃক্ততা রয়েছে এমন গোপন সংবাদ পেয়ে বুধবার রাত ১টার দিকে গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ তার বাসায় তল্লাশি চালিয়ে ৪৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ পাঁচ লাখ টাকা উদ্ধার করে।
“পরে সদর মডেল থানার একটি ব্যাগ থেকে আরও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
নিজ বাসায় মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার সোহরাওয়ার্দী আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান।
