২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।        

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 05:01 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের মোহাম্মদ আলী সড়কে জেলা বিএনপির নেতাকর্মীদের মানববন্ধনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে মানববন্ধন চলাকালে পুলিশ গিয়ে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়। এসময় পুলিশ ব্যানার কেড়ে নিতে গেলে বিএনপির নেতাকর্মী সঙ্গে টানা হেঁচড়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নেয়।

পরে বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে পুলিশ তাদের ধাওয়া দেয়। এরপর বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ব্যানার ছাড়াই তাদের কর্মসূচি পালন করেন।

এ সময় ঠাকুরগাঁও বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ছাত্রদলের ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তৈমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ পুলিশ গিয়ে আমাদের ব্যানার কেড়ে নেয়। পুলিশ আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দিচ্ছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।”

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, ব্যস্ত সড়কের ওপরে মানববন্ধন করার জন্য পথচারীদের দুর্ভোগ হচ্ছিল। তাই বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।