ফরিদপুরে আগুনে পুড়ল ৬ দোকান
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।
জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, আগুনে বিনয় কৃষ্ণ দাসের তেলের দোকান, লোকমান মোল্লার আইসক্রিম কারখানা, শামীম মণ্ডল ও মারুফ ভুঁইয়ার কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান, শাহীম মোল্লা ও শাহীন খন্দকারের ইলেক্ট্রনিক্সের দোকান, পল্লি চিকিৎসক সাধন রায়ের চেম্বার পুড়ে গেছে।
ওই এলাকার বাসিন্দা মুরাদ ভুঁইয়া অগ্নিকাণ্ডের সময় সেখানে ছিলেন জানিয়ে বলেন, বিনয় কৃষ্ণ দাসের তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সভাপতি মো. রাজা হোসেন।
