ঝিনাইদহে বাস চাপায় কারারক্ষী নিহত
ঝিনাইদহে বাস চাপায় এক কারারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার এক সহকর্মী।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ জেলা কারাগারের পাশে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলির (২৬) বাড়ি যশোরের মনিরামপুরে। আহত শাকিল হোসেনকে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক জানান, তারা দু জনে মোটরসাইকেলযোগে শহর থেকে কারাগারে যাচ্ছিলেন।
“কারাগারের কাছাকাছি পৌঁছলে পিছন থেকে মেহেরপুরগামী পূর্বাশা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
“স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জুলফিকার আলিকে মৃত ঘোষণা করেন।”
শাকিল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
শাকিলের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।
