সেবিকা অনিমা হত্যায় জড়িত দুই ছিনতাইকারী আটক
ছিনতাইকারীর হামলায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা অনিমা বিশ্বাস নিহত হওয়ার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা।
আটকরা হলেন সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের মো. ফারুক শেখের ছেলে শরীফুল ইসলাম (২৮) ও ফরিদপুর শহরের মোল্লাবাড়ি এলাকার মৃত আবদুস সামাদ মাতুব্বরের ছেলে হাবিবুর রহমান টিটো (২৭)।
গত ১৭ ফেব্রুয়ারি ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত হন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স অনিমা বিশ্বাস (৫০)। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গত ২২ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় তার।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযোগে আলফাডাঙ্গা উপজেলার শ্বশুর বাড়ি থেকে শরীফুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টিটোকে আটক করা হয়।
“আটক দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।”
