২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে ১১ বিদেশি নাগরিক আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় নারীসহ ১১ বিদেশি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের দিয়েছে র‌্যাব। ওই সময় তাদের কাছে পাসপোর্ট ছিল না।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2018, 05:25 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় ত্রাণ কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয় বলে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান।

ওসি জানান, আটকদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের দুইজন, নেদারল্যান্ডসের একজন, তুরস্কের একজন, দক্ষিণ কোরিয়ার একজন, কেনিয়ার একজন, ইতালির দুইজন, ব্রাজিলের একজন, বেলজিয়ামের একজন ও নরওয়ের একজন।

ওসি খায়ের বলেন, ত্রাণ কেন্দ্রের সামনে এই বিদেশি নাগরিকদের দেখে র‌্যাবের একটি টহলদল সন্দেহজনক মনে করায় তাদের পরিচয় জানতে চায়।

“এ সময় তারা পাসপোর্ট দেখাতে না পারায় আটক করে জিজ্ঞাসাবাদের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এদের মধ্যে কেউ ঢাকায়, কেউ কক্সবাজারে অবস্থান করছেন বলে পুলিশকে জানিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।