কুষ্টিয়ায় কুপিয়ে কলেজ ছাত্র খুন, ১ ছাত্র আটক
সহপাঠিনীর সঙ্গে ‘সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়ে’ ওই মেয়ের ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার এক কলেজ ছাত্রের বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
হত্যার অভিযোগে এলাকাবাসী কুষ্টিয়া সরকারি কলেজের ডিগ্রি পরীক্ষার্থী উজ্জ্বল হোসেনকে (২২) ধরে পুলিশে দিয়েছে।
নিহত আব্দুল্লাহ (২০) স্থানীয় আলম আলীর ছেলে এবং কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একাদশ ২য় বর্ষের ছাত্র।
ঘটনার সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন আব্দুল্লাহর মা সাবিয়া খাতুন ও চাচাত ভাই শাজাহান। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাবিয়া খাতুন বলেন, “উজ্জ্বল আমার মেয়ের সঙ্গে একই ক্লাশে কুষ্টিয়া সরকারি কলেজে পড়ে। দীর্ঘদিন ধরেই সে আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আজ এই হামলা করেছে।”
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বুধবার ভালোবাসা দিবসের উছিলায় উজ্জ্বল আব্দুল্লাহদের বাড়ি গেলে আব্দুল্লাহ উজ্জ্বলের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
“এ সময় ক্রোধে উজ্জ্বল ধারালো অস্ত্র দিয়ে আব্দুল্লাহকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আব্দুল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”
সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আটক উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
