ভোলায় ট্রলিচাপায় নারী নিহত
ভোলার দৌলতখানে ট্রলিচাপায় এক অটোরিকশা-আরোহী নারীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় তার দুই শিশুসন্তানসহ আরও আটজন আহত হয়েছে।
দৌলতখান থানার ওসি এনায়েত করিম জানান, বুধবার বিকেলে উপজেলার চরপাতা ইউনিয়নে গোডাউন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসনুর বেগম (৪০) সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানান, বিকাল ৫টার দিকে অটোরিকশাটি যাত্রী নিয়ে দৌলতখান যাচ্ছিল। মালবাহী ট্রলি চাপা দিলে যাত্রী তাসনুর ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি এনায়েত করিম।
