সাভারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৫টার দিকে আশুলিয়ায় টঙ্গাবাড়ি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে আশুলিয়া থানার এসআই মো.মনিরুজ্জামান জানান।
এরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার জয়রামপুরা গ্রামের আকবর আলীর ছেলে সাইদুর রহমান (২৫), বদরগঞ্জ থানার হাতিয়ার নিসকার আলীর ছেলে নোয়েব আলী (৬৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কেওয়া বাড়ি এলাকার কয়সার হোসেনের ছেলে মো. মাহাবুব (২৬)।
এসআই মনিরুজ্জামান বলেন, “ডাকাত সদস্যরা মহাসড়কে যাতায়াতকারী বিভিন্ন মালবাহী ট্রাক ও আশেপাশের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে।”
এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় বলে জানান তিনি।
