ময়মনসিংহে কুয়াশায় দুর্ঘটনায় ৬ বাস, আহত ৪০
ময়মনসিংহের ত্রিশালে কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের মধ্যে উঠে যাওয়া একটি বাসে আরও পাঁচটি বাসের ধাক্কা লেগেছে। এতে বাসগুলোর অন্তত ৪০ জন আহত হয়েছেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ জয়নাল আবেদিন জানান, সোমবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বগার বাজার চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বেশিরভাগই পোশাক শ্রমিক।
দুর্ঘটনার পর ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ঢাকামুখী অংশে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বাসগুলো উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
