২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে জনকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে দৈনিক জনকণ্ঠের সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 09:16 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

বাদীর আইনজীবী মিজানুর রহমান জানান, মঙ্গলবার মোশারফ হোসেন বাদী হয়ে ঠাকুরগাঁও মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।

তিনি জানান, বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মামলাটি আমলে নিয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসিকে তদন্ত করে আগামী ১৬ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।  

বাদী মোশারফ হোসেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

আসামিরা হলেন দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, ঠাকুরগাঁওয়ের স্থানীয় দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক সাকের উল্লাহ ও অনলাইন নিউজ পোর্টাল বালিয়াডাঙ্গী টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক সামিউল্লাহ সম্রাট।

মামলার বরাত দিয়ে আইনজীবী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ওই তিন পত্রিকায় বাদী ইউপি সদস্য মোশারফ হোসেনকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। এ কারণে বাদীর মানহানি হয়েছে এবং সম্মানক্ষুণ্ন হয়েছে। তাই তিনি ৫০০/৩৪ ধারায় তিন সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বাদী ইউপি সদস্য তার শ্যালিকাকে নিয়ে উধাও হয়েছেন মর্মে সংবাদ প্রকাশ করে এ তিন গণমাধ্যম।

ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কফিল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত মামলার কাগজ হাতে পাননি। কাগজ পাওয়ার পর তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক সাকের উল্লাহ বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা হারিয়ে গেছে। সত্য সংবাদ পত্রিকায় প্রকাশ করলেও এখন মামলা খেতে হয়। তাহলে আমরা এখন কোথায় যাব?”

তিনি এ ধরনের মামলার নিন্দা জানান।  

এদিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ঠাকুরগাঁও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলীসহ জেলার সাংবাদিকরা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।