২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ময়মনসিংহে কোচিং সেন্টার

আসন্ন এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে চালু রয়েছে ময়মনসিংহের অধিকাংশ কোচিং সেন্টার।

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 06:35 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কোচিং চালু রাখা হয়েছে। তবে প্রশাসনের নির্দেশ পেলে বন্ধ করে দেবেন বলে জানান কোচিং সেন্টারের পরিচালকরা।

জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, কোচিং সেন্টার বন্ধে দুটি মনিটরিং টিমসহ নগরীতে মাইকিং করা হচ্ছে।

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তিন দিন আগ থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য গত ১৮ জানুয়ারি নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, নগরীর কোচিং সেন্টার খ্যাত বাউন্ডারি রোড, নাহার রোড, নতুন বাজার, জেলা স্কুল রোডসহ বিভিন্ন এলাকার অধিকাংশ কোচিং সেন্টার খোলা রয়েছে। দরজা বন্ধ করে ক্লাস নিতে দেখা যায় বাউন্ডারিএলাকার বুলবুল অ্যাডমিশন কেয়ার, আইডিয়াল এডুকেয়ার, বেসিক বাংলা, বিজ্ঞান অঙ্গনসহ বেশ কয়েকটি কোচিং সেন্টারে।

প্রতিশ্রুতি ক্যাডেট কোচিং সেন্টারে আসা শিক্ষার্থীদের অভিভাবক রাজিয়া সুলতানা, সোহেল হায়দার বলেন, সন্তানদের পড়াশোনার কথা বিবেচনা করে তাদের নিয়ে কোচিং আসতে বাধ্য হয়েছেন। তবে কোচিং পরিচালকরা যদি সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোচিং সেন্টার বন্ধ করে দেন তাহলে তারাও তা স্বাগত জানাবেন।

আইডিয়াল এডুকেয়ারে আসা অভিভাবক জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা সরকারের নকল বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে কোচিং পরিচালকদের চাপের কারণে আমরা সন্তাদেরকে কোচিং-এ নিয়ে আসতে বাধ্য হচ্ছি।”

বিজ্ঞান অঙ্গনে কোচিং করতে আসা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রুকাইয়া তাসনিম ও জান্নাত আরা জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি পরীক্ষা চলার সময়ে কোচিং সেন্টার বন্ধ থাকলে তাদের পড়াশোনার অনেক ক্ষতি হবে। তবে স্যার কোচিং সেন্টার বন্ধ দিয়ে দিলে তারা আসবেন না।

এ বিষয়ে কণিকা ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক মাহবুবুর রহমান বলেন, “কোচিং সেন্টার বন্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা ২৬ জানুয়ারি থেকেই কোচিং বন্ধ করে দিয়েছি।”

“তবে এই সিদ্ধান্তে অনেকেই একমত পোষণ না করে ভিন্ন কৌশলে কোচিং এ ক্লাস করাচ্ছেন। অনেকে দরজা বন্ধ করেও ক্লাস নিচ্ছেন। তবে এরকম কর্মকাণ্ড মোটেও ঠিক নয়।”

এ বিষয়ে প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিশ্রুতি ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক রাহাত হোসেন এবং বিজ্ঞান অঙ্গনের পরিচালক ওয়ালীউল্লাহ নাঈম জানান, প্রশাসনের পক্ষ থেকে কোচিং সেন্টার বন্ধে সরাসরি কোনো নির্দেশনা না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনা করে কোচিং চালু রেখেছেন।

তবে প্রশাসন কোচিং বন্ধের নোটিশ দিলে বন্ধ করে দিবেন বলে জানান তারা। 

জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নগরীর বাউন্ডারি রোডসহ কয়েকটি জায়গায় সোমবার থেকেই মাইকিং করা হচ্ছে কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য। সেইসঙ্গে দুটি মনিটরিং টিম গঠন করা হয়েছে সার্বক্ষণিক মাঠে কাজ করা জন্য।

“তার পরেও যদি কেউ প্রশাসনের চোখ ফাঁকি দিতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”