২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসি অপসারণের আন্দোলন: আইইউটিতে পররাষ্ট্র সচিব

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য মোনাজ আহমেদ নুরের অপসারণের দাবিতে আন্দোলনের এক সপ্তাহ পরও সমস্যার সুরাহা হয়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 06:29 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

এর মধ্যে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা।

শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ছাত্রীদের হয়রানি, পর্যাপ্ত ল্যাব সুবিধা না পাওয়াসহ ১৩ দফা অভিযোগ তুলে উপাচার্যের অপসারণের দাবিতে ‘সেভ আইউটি’ শ্লোগানে আন্দোলনে নামেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

গত ২৩ জানুয়ারি থেকে ওআইসির সহযোগী এ প্রতিষ্ঠানে লাগাতার এ আন্দোলন চলছে। ‘সেভ আইউটি’ শ্লোগান লেখা ব্যানার নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন। ভেতর থেকে প্রধান ফটকে তালা দিয়ে সেখানে অবস্থান নেন এবং উপাচার্যের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে স্লোগান দিয়ে তার অপসারণ দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সরেজমিনে দেখতে ক্যাম্পাসে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব  (মেরিটাইম এসএস ইউনিট) মো. খোরশেদ আলম এবং পরিচালক মো. কামরুজ্জামান।

খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কয়েকদিন ধরে একটি প্রতিষ্ঠানে ক্লাশ বন্ধ রয়েছে, ভিসি ঢুকতে পারছেন না।

“আসলে সেখানে কী হচ্ছে, কেন হচ্ছে তা সরেজমিনে দেখতেই আমি সেখানে গিয়েছিলাম।”

“কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফদের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ সরকার ও ওআইসির নির্দেশেই প্রকৃত অবস্থা অবগত হতে আমরা আইইউটিতে গিয়েছিলাম। বিভিন্নজনের সঙ্গে কথা বলে সন্ধ্যায় আমরা ফিরেছি।”

তিনি বলেন, এখানে কে কোন দল করেন তা দেখার সুযোগ নেই। এখানে সংশ্লিষ্টদের কর্মকাণ্ডই মুখ্য বিষয়।

“এ ভিসি যদি এভাবে চলে যান সেটা দেশের জন্য যেমন ক্ষতিকর, আবার এ ভিসি যদি থেকে যান, ক্লাশ যদি না হয়, সেটাও আন্তর্জাতিকভাবে আমাদের জন্য ক্ষতিকর।”

আইইউটির ইলেক্ট্রক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তাসলিম রেজা বলেন, ভিসি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নানা সময়ে অসৌজন্যমূলক আচরণ করেন। ক্লাস সুবিধা না বাড়িয়ে তিনি অধিক হারে শিক্ষার্থী ভর্তি করিয়েছেন, তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাও বাড়াচ্ছেন না।

তাসলিম রেজার অভিযোগ, উপাচার্য আইইউটিতে স্থায়ী শিক্ষক নিয়োগ না দিয়ে এডহক ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছেন। এটি আইইউটির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

“আমরা তার অপসারণ চাই; অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এ ব্যাপারে উপাচার্য মুনাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে ইস্যু নিয়ে তারা আন্দোলন করছেন তার কোন ভিত্তি নেই। এছাড়া আন্দোলনকারীরা তাদের যৌক্তিক কোনো দাবি নিয়ে আমার কাছে ফিজিক্যালি কখনও আসেননি।”