২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়কের পাশে থেঁতলানো লাশ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় একটি লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 03:36 PM

Updated : 19 Aug 2022, 01:31 PM

মঙ্গলবার এমসি-রঙ্গীলা বাজার এলাকায় লাশটি পাওয়া যায় বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমীন জানান, মাওনা হাইওয়ে থানার পুলিশের মাধ্যমে তারা লাশ পড়ে থাকার সংবাদ পান। পরে ছিন্নভিন্ন থেঁতলানো লাশটি উদ্ধার করেন।   

“লম্বা চুল দেখে ধারণা করা হচ্ছে লাশটি কোনো মহিলার। এটির উপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় তার বয়স আন্দাজ করা সম্ভব হয়নি।”

তিনি জানান, বেলচা দিয়ে থেঁতলানো দেহ বস্তায় ভরে মাওনা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।  

মাওনা হাইওয়ে থানার এসআই হুমায়ুন কবির বলেন, রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিটি দ্রুতগামী গাড়ি চাপায় নিহত হয়ে থাকতে পারেন। পরে তার উপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে।

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।