২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় তরুণীকে ধর্ষণের পর হত্যা

ঢাকার আশুলিয়ায় এক তরুণীর বিবস্ত্র লাশ পাওয়া গেছে, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 03:46 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

সোমবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি মাঠ থেকে অজ্ঞাত পরিচয় ওই তরুণীর লাশ পাওয়া যায় বলে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান।

আনুমানিক ২৩ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

ওসি আউয়াল বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিবস্ত্র লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

তবে ডাক্তারি প্রতিবেদনের পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওই তরুণীর পরিচয় নিশ্চিত ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআইয়ের পরিদর্শক মনির হোসেন বলেন, হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার কারণ ও তরুণীর পরিচয় তদন্ত করে দেখা হচ্ছে।