মৌলভীবাজারে নিখোঁজ স্কুলছাত্রের খণ্ডিত লাশ
মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের দশ দিন পর এক স্কুলছাত্রের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।
বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, রোববার রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগরে বাড়ির অদূরে স্কুলছাত্র আব্দুল্লাহ হাসানের (১৫) লাশ পাওয়া যায়।
আব্দুল্লাহ মোহাম্মদনগরের আব্দুর রহিমের ছেলে এবং সিলেটের দক্ষিণ সুরমার মনির আহমদ একাডেমির নবম শ্রেণির ছাত্র।
ওসি জানান, গত ১৮ জানুয়ারি স্থানীয় বাজার থেকে নিখোঁজ হয় আব্দুল্লাহ। পরদিন তার মা নাজমা ইয়াছমিন বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, ১৮ জানুয়ারি বিকাল আনুমানিক ৪টার দিকে খেলাধুলার জন্য আব্দুল্লাহ হাসান বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর বাড়ি ফিরেনি।
বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান সুন্দর জানান, রোববার বিকালে স্থানীয় দুজন নারী মোহাম্মদনগরে টিলায় গিয়ে দুর্গন্ধ পেয়ে ফিরে আসেন এবং বিষয়টি স্থানীয়দের জানান।
“পরে খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।”
ওসি সহিদুর রহমান জানান, লাশটি ছিন্নভিন্ন অবস্থায় পড়েছিল। কোমরের নিচের এক টুকরা এবং মাথার খুলি এক স্থানে। বিচ্ছিন্ন একটি হাত আরেকটু দূরে পড়েছিল।
পরে স্বজনরা তার লাশ শনাক্ত করেন বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং এ ব্যপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসিস জানান।
