নওগাঁয় তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
নওগাঁ সদর উপজেলায় মাঠে গরু বাঁধাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার উপজেলার শেখপুরা উত্তরপাড়া গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে সদর থানার ওসি তোরিকুল ইসলাম জানান।
নিহত আব্দুস সালাম (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি তোরিকুল বলেন, গরু বাঁধাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় আব্দুস সালামের সঙ্গে বোয়ালিয়া মাদ্রাসাপাড়া গ্রামের আসলাম আলীর ঝগড়া বাঁধে। এক পর্যায়ে সালামকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করে আসলাম।
রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বলে জানান তিনি।
সালামের মৃত্যুর সংবাদ পেয়ে আসলাম আলী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
