কক্সবাজার সৈকতে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সেবা প্রদানে কক্সবাজারে সমুদ্র সৈকতে হেল্প ডেস্কসহ বিভিন্ন কার্যক্রম চালু করেছে ট্যুরিস্ট পুলিশ।
শনিবার বিকালে সৈকতের লাবণী পয়েন্টে এ কার্যক্রম উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের এসপি মো. জিল্লুর রহমান।
এসপি জিল্লুর বলেন, সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলী পয়েন্টে প্রাথমিকভাবে চালু করা হয়েছে তিনটি হেল্প ডেস্ক। এতে পর্যটকরা তথ্য অনুসন্ধান, অভিযোগ প্রদান ও নিষ্পত্তি, ফাস্ট এইড, বিশুদ্ধ পানি এবং পর্যটকদের উদ্ধারের জন্য ওয়াটার বাইকের ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা ও সেবা পাবেন।
জিল্লুর জানান, কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সপ্তাহের ১/২ দিন সৈকত কর্মীদের পাশাপশি ট্যুরিস্ট পুলিশ ‘বিচ ক্লিনিং’কার্যক্রম গ্রহণ করেছে।
এছাড়া সৈকত এলাকায় বিচ বাইক ও স্যান্ড সাপোর্ট ভেহিক্যালের পাশাপাশি হোটেল-মোটেল ও কটেজ জোন এলাকায় ‘সাইকেল পেট্টোলিং’ কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
