ফেনীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
ফেনীর সোনাগাজী উপজেলায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার পৌর এলাকার শেখ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহানা আক্তার মনি (৫০) ওই এলাকার মুক্তিযোদ্ধা সিরাজ উদ-দৌলার স্ত্রী।
মৃতের ভাতিজা শেখ সুমন জানান, তার চাচি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি তাকে বাড়ি আনা হয়েছে।
তিনি বলেন, শুক্রবার সকালে তার চাচা সিরাজ উদ-দৌলা চাচিকে বাড়ি রেখে বাজারে নিজের চায়ের দোকানে যান। দুপুরে বাড়ি ফিরে চাচিকে গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।”
শাহানার চার সন্তান থাকলেও ওই সময় ঘরে কেউ ছিল না বলে জানান সুমন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রায়হান বলেন, “মৃতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি ও দা উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
