কবর খুঁড়ে লাশের আঙুল কর্তন, বাড়িঘর ভাংচুর
ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া গোরস্তান থেকে লাশের আঙুল কেটে নেওয়ার অভিযোগে ‘কবিরাজবাড়িতে’ হামলা চালিয়ে ভাংচুরসহ আগুন দেওয়া হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কফিল উদ্দীন জানান, চাঞ্চল্যক এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
শনিবার হঠাৎপাড়ার বাসিন্দা বারেক মিঞা (১০৫) মারা যান। ওই দিনই তাকে ওই গোরস্তানে দাফন করা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার কবরে খোঁড়াখুঁড়ি দেখে। পরে লাশের আঙুল কেটে নেওয়া দেখতে পায়।
তারা সন্দেহবশত হঠাৎপাড়ার ফজলুল হকের ছেলে রিপনের (২২) বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ আগুন দেয়। এ সময় তার চাচা বাদশা ও কদুর বাড়িতেও ভাংচুর চালিয়ে আগুন দেওয়া হয়।
হঠাৎপাড়ার বাসিন্দা মো. হেলাল বলেন, রিপনের পরিবারের সদস্যরা কবিরাজি করেন। এজন্যই স্থানীয়রা তাদের পরিবারকে সন্দেহ করে বাড়িতে হামলায় চালায়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিদর্শক কফিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে রিপন, তার ফুফু আনোয়ারা বেগম (৪৬) ও দাদি সাহেরা খাতুনকে (৫৫) আটক করে পরিস্থিতি শান্ত করে।
“কবর থেকে বারেক মিয়ার লাশের আঙ্গুল কেটে আনার কথা স্বীকার করেছেন আটক রিপন।”
আটকের পর রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লোকে আমাকে পাগল বলে। তাই ওষুধ বানিয়ে খাওয়ার জন্য তিনটে আঙুল কেটেছি।”
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিদর্শক কফিল উদ্দীন।
