কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কলাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শাহ আলম জানান।
আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারী মানসিক প্রতিবন্ধী বলে ধারণা রেল পুলিশের।
এএসআই শাহ আলম জানান, বৃহস্পতিবার ভোরের দিকে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে।
কালো ডোরাকাটা ফুলহাতা গেঞ্জি, হলুদ-সাদা-লাল রংয়ের কামিজ, কমলা রংয়ের সেলোয়ার ও লাল-সাদা রংয়ের ওড়না পরা ওই নারীর পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
