নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি: ইনু
বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার নিজের এলাকা কুষ্টিয়ায় জাসদের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়ে কালে দলটির একাংশের সভাপতি ইনুর এ মন্তব্য আসে।
তিনি বলেন, “তারা নির্বাচন, গণতন্ত্র, সহায়ক সরকার ও সংলাপের মুখোশ পরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে; যেমন ২০১৪ সালে নির্বাচন বানচাল করে তারা একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিল।
ইনু বলেন, গণতন্ত্র উদ্ধারের বিষয়টি কেবল ‘ফখরুল সাহেবের’ মুখের কথা।
“আসল কথাটা হল গণতন্ত্র উদ্ধারের নামে তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী এবং জামায়াতকে রক্ষা ও উদ্ধারের আন্দোলন করবেন। তারা কোনঠাসা হয়ে পড়া রাজাকার জঙ্গি ও জামায়াতকে উদ্ধার করে আবারও রাজনীতিতে পুনর্বাসনের আন্দোলন করবেন।”
গণতন্ত্র উদ্ধারের নামে খালেদা জিয়াকে ‘মামলা থেকে বাঁচানোর আন্দোলন’ সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশাসহ প্রশাসনের কর্মকর্তা এবং মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
