নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূ নিহত
নওগাঁর মান্দা উপজেলার ট্রাক্টরের ধাক্কায় মাইক্রোবাস আরোহী এক গৃহবধূর মৃত্যু হয়েছে; আহত হয়েছে তার স্বামী ও তিন শিশু সন্তান।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হাজী গোবিন্দপুর মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মান্দা ধানার ওসি আনিছুর রহমান জানান।
নিহত হোসনে আরা (৩৫) নওগাঁ বিআরটি এর সহকারী পরিচালক এটিএম ময়নুল হাসানের স্ত্রী ।
আহত ময়নুল হাসান (৪৭) ও তাদের তিন শিশু সন্তানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি আনিছুর বলেন, ময়নুল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি মাইক্রোবাসে করে রাজশাহী থেকে নওগাঁ আসছিল। পথে ইটবোঝাই একটি ট্রাক্টর তাদের পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোটি দুমড়ে-মুচড়ে যায়।এ সময় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই হোসনে আরার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান তিনি।
এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা করা হয়েছে।
