ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, রোরবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীম সরকার (২৫) চরলাপাং গ্রামের আলমাস সরকারের ছেলে।
পরিদর্শক রাজু বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরলাপাং গ্রামের জাফর ও ফারুকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকটি মামলাও রয়েছে।
“এসব মামলার কিছু আসামি পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামেও বসবাস করে।”
রাজু জানান, সন্ধ্যা ৬টার দিকে দুই পক্ষের লোকজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে মির্জাচর গ্রাম থেকে কিছু লোক এসে চরলাপাং গ্রামে হামলা চালায়।
“এ সময় শামীম গুলিবিদ্ধ হন। সেখান থেকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান রাজু।
এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি বলেও জানান তিনি।
