২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিকরগাছায় বোমা হামলায় যুবক নিহত

যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা হামলা ও ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 05:59 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

বুধবার দুপুরে চন্দ্রপুর গ্রামে এ হামলায় নিহত হন মৃত হারেজ মোল্লার ছেলে আব্বাস হোসেন (৪০)।

যশোরের সহকারী পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, বেলা পৌনে ১২টার দিকে নিজ বাড়িতে হামলার শিকার হন আব্বাস। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাইয়ের ছেলে প্রত্যক্ষদর্শী শামীম হোসেন বলেন, আব্বাসসহ তার তিন চাচা নির্মাণাধীন বাড়ির কাজ দেখছিলেন। ওই সময় স্থানীয় বাবু ওরফে পালসার বাবুসহ ১০/১২ জন অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে।

এক পর্যায় মেম্বার আব্দুস সালাম ও তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সেখান থেকে সরে পড়লে আব্বাস হোসেনকে লক্ষ্য করে বাবু বোমা নিক্ষেপ করে বলে শামীম জানান।

আব্বাস মাটিতে পড়ে গেলে অপর হামলাকারী আলমগীর হোসেন তার কোমরে চাকু মেরে নাড়িভুঁড়ি বের করে দেয়। এরপর হামলাকারীরা আরও পাঁচটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়, বলেন শামীম।

বাবু উপজেলার মির্জাপুর গ্রামের খোকন মিয়ার এবং আলমগীর হোসেন মনিরামপুর উপজেলার পট্টি গ্রামের ফজর আহমদের ছেলে।

আধিপত্য বিস্তারের বিরোধের কারণে এ হত্যার ঘটনা ঘটেছে বলে মনে করেন নিহত আব্বাসের ছোট ভাই ইউপি সদস্য আব্দুস সালাম।