লক্ষ্মীপুরে ‘জাল ভোট’, আটক ৪, ধাওয়া-পাল্টা-ধাওয়া
লক্ষ্মীপুরের আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘জাল ভোট দেওয়ায়’ চারজনকে আটক করেছে পুলিশ; এছাড়া একটি কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়েছে।
রামগতি উপজেলার এই ইউনিয়নের পশ্চিম বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুর রহিম জানান, তার কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে ‘জাল ভোট দেওয়ায়’ দুই নারীসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন - আসমা আক্তার (৩০), মনছুরা বেগম (৩২), দিদার হোসেন (২৮) ও আবু জাহের (২৫)।
এদিকে মধ্যচর ডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
কেন্দ্রটির প্রিজাইডিং জিএম কামাল বলেন, তার কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে সদস্য প্রার্থী নূর সলেমান হাওলাদার ও ফিরোজ কবির বাবুল হাওলাদারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে ছুটাছুটি করলে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে জানিয়ে তিনি বলেন, তবে আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ভোট স্থগিত করার দরকার হয়নি।
ইউনিয়নটির বিভিন্ন কেন্দ্র ঘুরে ব্যাপক- উৎসাহ-উদ্দীপনায় ভোট দিতে দেখা গেছে। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশি মনে হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীকেও নিরাপত্তায় রক্ষায় সর্বত্র সতর্ক দেখা গেছ।
স্থানীয় সরকারের প্রতিষ্ঠান পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ১২৭টি এলাকায় বিভিন্ন পদে সাধারণ, স্থগিত নির্বাচন ও উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে জেলা পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত, যেখানে কেবল জনপ্রতিনিধিরাই ভোটার।
