২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ কোন্দল: হাতিয়ায় পৌর আ. লীগ সভাপতির গাড়িতে অগ্নিসংযোগ

অভ্যন্তরীণ কোন্দলের জেরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পৌর আওয়ামী লীগের সভাপতি ছাইফ উদ্দিন আহম্মেদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে অন্য পক্ষ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 12:39 AM

Updated : 25 Jul 2022, 09:08 PM

বুধবার রাতে উপজেলা সদরের ব্রিকফিল্ড এলাকায় গাড়িটি জ্বালিয়ে দেওয়ার আগে গুলি ছোড়াও হয় বলে ছাইফের সমর্থকরা জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন হত্যা মামলার আসামি রবীন্দ্র চন্দ্র দাস, ছানা উল্লাহ ছানু ও আরিফ উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর পর মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়।

অন্যদিকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর অনুসারীরা বিক্ষোভ মিছিল করে।

ওই মিছিল থেকে পৌর আওয়ামী লীগ সভাপতি ছাইফের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ।

ছাইফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোহাম্মদ আলীর অনুসারীরা আমাকে হত্যার উদ্দেশ্যে গাড়িতে গুলি ছোড়ে। এতে আমি বেঁচে গেলেও গাড়িতে থাকা ছাত্রলীগ কর্মী শরীফ ও আমজাদ গুলিবিদ্ধ হয়। এরপর সন্ত্রাসীরা গাড়িটি জ্বালিয়ে দেয়।”

এদিকে মোহাম্মদ আলীর সমর্থক হাতিয়া পৌরসভার মেয়র এ কে এম ইউছুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিষোদগার করায় স্থানীয় জনতা বিক্ষোভ মিছিল বের করেছিল। গাড়িতে আগুন দেওয়ার ঘটনা কারা ঘটিয়েছে, তা জানা নেই।”

হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, গাড়িতে আগুন দেওয়ার পর সংঘর্ষ বেঁধে গেলে তা থামাতে গিয়ে তিনি এবং দুই এসআই ইকবাল ও আশিক আহত হন।

“তাদের শরীরে গুলির স্প্লিন্টার লেগেছে। পরিস্থিতি সামাল দিতে শটগান থেকে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।”

পুরনো খবর:

সাবেক এমপি মোহাম্মদ আলীকে নোয়াখালী আ. লীগ থেকে অব্যাহতির সুপারিশ
হাতিয়ায় কয়েকটি মামলার ২ আসামি গ্রেপ্তার